মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন

খবর সংযোগ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারের হামলায় নারী ও শিশুসহ সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রোববার রাতভর মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ রেখে তীব্র হামলা চালায় ইসরায়েলী সেনারা। এতে অন্তত ১৫ জন নিহত হয়।

এদিকে, হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে। এ নিয়ে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতি দিয়েছে। রোববার গভীর রাতে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘৫ নভেম্বর ওহাইও-শ্রেণির একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের এলাকায় পৌঁছেছে।’

গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে ইসরায়েলে অভিযান চালায় হামাস। এতে নিহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার ইসরায়েলি। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৪০০ জন। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও ২৩৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।