গাজায় বড় স্থল হামলার আশঙ্কা

খবর সংযোগ ডেস্ক : গাজা উপত্যকায় গত ২৮ অক্টোবর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। সেদিন রাতে তীব্র বোমা হামলা চালিয়ে গাজায় ভেতর ঢুকে ইসরায়েলি সেনারা। গত ১০ দিনে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে তারা। গাজার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটিকে ঘিরে রেখেছে। বড় ধরণের স্থল হামলার আশঙ্কা করা হচ্ছে।

এমন আশঙ্কা থেকে হাজার হাজার বেসামরিক মানুষ গাজা সিটি থেকে সরে যাওয়া শুরু করেছেন।

আল জাজিরার এক সাংবাদিক বুধবার গাজা সিটি থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা কয়েকজনের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, গাজা সিটির আশপাশের ভবনে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে সামরিক পোস্ট তৈরি করছে।

নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। তারা দলবদ্ধ হয়ে চলছেন। অনেকের হাতে সাদা পতাকা দেখা গেছে। যাতে ইসরায়েলি বাহিনী হামলা না চালায়। তবে ঘর-বাড়ি ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে রওনা দেওয়া এসব মানুষ জানেন না তাদের ভাগ্যে কি আছে। সূত্র: আল জাজিরা।