লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

খবর সংযোগ ডেস্ক: হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানোর কথা দাবি করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে কামানের গোলা নিক্ষেপ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলের মেনারা এবং ইরন শহরে মর্টারের গোলা নিক্ষেপের জবাবে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলে কোনো হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানায়নি আইডিএফ।

এর আগে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাত ইসরায়েলি আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

আইডিএফ বলেছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তের কাছের দোভিভের উত্তরে কয়েকটি বেসামরিক যানবাহনে আঘাত হেনেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত বেসামরিকদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তিন থেকে পাঁচজনের অবস্থা গুরুতর। স্থানীয় চ্যানেল-১২ টেলিভিশনকে একথা জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র।

চ্যানেল-১২ বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স।