মানব ইতিহাসে উষ্ণতম বছর ছিল ২০২৩

পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৩। মানব ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ২০২৩। এই রেকর্ড হওয়ার পেছনে কাজ করেছে জলবায়ুর পরিবর্তন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্লাইমেট সার্ভিস থেকে বলা হয়, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

বিবিসির বিশেষজ্ঞরা বলেছেন, গত বছর জুলাই থেকে প্রায় প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হয়েছে।

আর অক্টোবর মাসের গড় উষ্ণতা দেখার পরই বিজ্ঞানীরা ২০২৩ উষ্ণতম বছর হতে চলেছে বলে নিশ্চিত হন। শিল্পবিপ্লবের আগে অর্থাৎ, ১৮৫০-১৯০০ সালের মধ্যে অক্টোবরের গড় উষ্ণতা যা ছিল, তার চেয়ে ২০২৩ সালের অক্টোবরে উষ্ণতা ০ দশমিক ৪ ডিগ্রি বেশি। অনেকের কাছে এই মাত্রা নগণ্য মনে হলেও জলবায়ু বিজ্ঞান তা মনে করছে না। আর কেবল অক্টোবর নয়। একইভাবে বিশ্বের গড় উষ্ণতা বেড়েছিল গত সেপ্টেম্বরেও। এ বছরের সেপ্টেম্বরের উষ্ণতা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীদের কাছে।

এ বিষয়ে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু ডেসলার বলেন, আমাকে যেটা ভাবাচ্ছে সেটা শুধুমাত্র ২০২৩ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রাই নয়। বরং আগের রেকর্ডের তুলনায় এবারের রেকর্ডের মধ্যে পার্থক্য অনেক বেশি। এই রেকর্ডগুলোর মধ্যে কয়েকটির মার্জিন সত্যিই আশ্চর্যজনক।

বিশ্ব গত ১০০ বছর আগের তুলনায় বর্তমানে অনেক বেশি উষ্ণ। এর কারণ মানুষ। মানুষই নানা কারণে বায়ুমণ্ডলে রেকর্ড পরিমাণে কার্বন ডাই-অক্সাইডের মত গ্রিনহাউজ গ্যাস নির্গমন করছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার ২০১৬ থেকে ২০২৩ এর মহাসচিব অধ্যাপক পেত্তেরি তালাস বলেন, এটা শুধু পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু। চরম আবহাওয়া প্রতিদিনই জীবন এবং বাস্তুসংস্থান ধ্বংস করছে।