হাজিদের নিয়ে জেদ্দা থেকে মক্কায় উড়বে ‘উড়ন্ত ট্যাক্সি’

জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য এই পরিষেবা চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানান এক সৌদি কর্মকর্তা। এর মধ্যে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।

সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি জানিয়েছেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।

তবে এই পরিষেবা কবে চালু হবে, সে ব্যাপারে কিছু জানাননি আল শাহরানি। তিনি জানান, এ ধরনের যান সৌদি আরবে প্রথমবারের মতো ব্যবহার করা হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেছেন, গত বছর ওমরাহ পালনকারীর সংখ্যা রেকর্ড ১ দশমিক ৩৫ কোটিতে পৌঁছেছে। বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের জন্য আসা মুসলিমদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। ভিসাধারী ব্যক্তিদের স্থল, নৌ ও বিমান- সব পথেই সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ