রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি হাস্যরসের জন্য পরিচিত ছিলেন। মৃত্যুর আগের দিন টেলিভিশনের পর্দায় তাকে হাসিমুখেই দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শেষবারের মতো টিভির পর্দায় দেখা যায় নাভালনিকে। সেদিন তিনি কারাকক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। পরনে ছিল কয়েদির পোশাক। তাকে তখন সুস্থ ও উৎফুল্ল দেখাচ্ছিল।
এর এক দিন পরই রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, ৪৭ বছর বয়সী নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
নাভালনি এক দশকের বেশি সময় ধরে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে নাভালনি প্রথমবারের মতো কারাগারে যান। তখন থেকে তাকে ঘন ঘনই নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। রাশিয়ার কারাব্যবস্থায় বিধিভঙ্গকারীদের এমন সাজা দেওয়া হয়ে থাকে। সূত্র: রয়টার্স।