ইসরায়েলে শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। শুক্রবার (১২ এপ্রিল) দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইরান-সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, উত্তর ইসরায়েলে দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর আর্টিলারি অবস্থানে কয়েক ডজন কাতিউশা রকেট চালিয়েছে তারা। এক্সে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের শহরগুলির আকাশে অসংখ্য রকেট ও ড্রোন। এর আগেই সাইরেন বেজে সতর্ক করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ছোড়া গুলিতে সেসব রকেট ও ড্রোনকে ধ্বংস করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, কোন আকারে, কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে, তা আমি বলতে পারছি না। তবে ইরানের হামলার হুমকি ‘কার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন খুব, খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে।
আইডিএফ আরও বলেছে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ দ্বারা উৎক্ষেপিত দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের উত্তর অথবা দক্ষিণে হামলা করতে পারে ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল।