ইসরায়েলি সহিংসতার সংবাদ প্রকাশ করে পুলিৎজার পুরস্কার অর্জন

সাংবাদিকতার 'নোবেল' হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স ও নিউইয়র্ক টাইমস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সহিংসতার ছবি ও সংবাদ প্রকাশ করে এই পুরস্কার পেল সংবাদমাধ্যম দুটি। বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৭মে) এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলা ও 'ইসরায়েলি সামরিক বাহিনীর  সহিংস প্রক্রিয়া কভারেজের  জন্য সংবাদমাধ্যমটি এই পুরস্কার পেয়েছে।

হামাসের হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়ার ছবি প্রকাশের জন্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গাজা প্রসঙ্গে রয়টার্সের ছবি প্রকাশের ধরনকে পুলিৎজার কমিটি 'খাঁটি ও জরুরি' হিসেবে আখ্যায়িত করে এই খেতাব দেয়।

এবারের পুলিৎজারে 'গাজার যুদ্ধের সংবাদ সরবরাহকারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের' বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। কমিটি জানায়, 'এই যুদ্ধ কবি ও লেখকদের জীবন কেড়ে নিয়েছে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, শিল্প ও লেখনীর প্রতি সম্মান জানায়। (এই যুদ্ধে) মানবিক অভিজ্ঞতার অমূল্য নিদর্শন হারিয়েছি, যার জন্য আমরা শোক প্রকাশ করছি।' যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই খেতাব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পুলিৎজারের নন-ফিকশন ক্যাটাগরিতে নাথান থ্রালের বই 'অ্যা ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা: অ্যানাটমি অব অ্যা জেরুজালেম ট্র্যাজেডি' পুরস্কার পায়। বইটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা ও একজন ফিলিস্তিনি পিতা আবেদ সালামার জীবনের একটি দিন নিয়ে বইটি লেখা।এই ফিলিস্তিনি পিতার পাঁচ বছর বয়সী সন্তান স্কুল বাস দুর্ঘটনায় নিহত হয়। নিরাপত্তা নীতিমালার জটিলতায় ইসরায়েলি ও ফিলিস্তিনি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এই কাহিনীকে ঘিরে লিখা হয়েছে বইটি।