রাফায় হামলা বন্ধে ১৩ দেশের চিঠি

ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য পশ্চিমা বিশ্বের ১৩টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আমরা রাফায় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। চিঠিতে দেওয়া দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গাজায় হামলা শুরুর আট মাস পর রাফা শহরে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ জানিয়ে আসছে। গাজায় হামলা শুরুর পর থেকে খাদ্য, নিরাপদ পানি, ওষুধ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। গাজায় বসবাসরত ২৩ লাখ মানুষের জন্য ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ত্রাণ সরবারহও কমে গেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের প্রতিরোধ অভিযানের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে নির্মূলে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গণহত্যায় ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।