যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি পেল বিড়াল

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে একটি বিড়ালকে। শনিবার (১৮ মে) শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে ম্যাক্স নামের বিড়ালটিকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি দেয়া হয়। রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

জানা গেছে, ম্যাক্স নামের ওই বিড়ালটিকে ইঁদুর শিকার বা ঘুমানোর কৃতিত্বের জন্য নয় বরং তার বন্ধুত্বপূর্ণ আচরণের স্বীকৃতির জন্য ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ক্যাস্টলেটন ক্যাম্পাসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ম্যাক্স দ্য ক্যাট অনেক বছর ধরে ক্যাস্টলেটন পরিবারের স্নেহময় একজন সদস্য হিসেবে আছে। ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের রাস্তায় পাশেই বাস করে ক্যাস্টলেটন পরিবার। সেই পরিবারই এই বিড়ালটির মালিক। বিড়ালের মালিক অ্যাশলে ডাও বলেন, ‘বিড়ালটি নিজেই ঠিক করেছিল সে ক্যাম্পাসে যাবে। এরপর থেকেই সে শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিতে শুরু করে, আর শিক্ষার্থীরাও তাকে ভালোবাসতে শুরু করে।’

বিড়ালটি গত প্রায় চার বছর ধরে ক্যম্পাসের অংশ হয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা যখনই পথের ধারে বিড়ালটিকে দেখতে পায় তখনই তারা খুশি হয়। এমনকি শিক্ষার্থীরা আনন্দে ওই বিড়ালের সঙ্গে প্রায়ই ছবিও তোলে। ম্যাক্স অবশ্য শিক্ষার্থীদের স্নাতক সমাপনীতে অংশ নেয়নি। তার ডিগ্রির সনদ পরে অ্যাশলের কাছে পৌঁছে দেয়া হবে।