শক্তিশালী ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দুটি তেলবাহী জাহাজ কৃষ্ণ সাগরে ডুবে গেছে। জাহাজ দুটিতে চার হাজার টন তেল ছিল। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। জাহাজটিতে ২৯ জন ক্রু ছিলেন। খবর বিবিসি’র।
রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটরস অফিস থেকে প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি জাহাজের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে এবং পানিতে তেলের দাগ স্পষ্ট।
উভয় জাহাজই ভেসে গিয়ে উপকূলে আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, ঘটনায় এখন পর্যন্ত একজন ক্র নিহত হয়েছেন।
রাশিয়া এবং ক্রিমিয়াকে বিভক্তকারী কের্চ প্রণালিতে ঘটনাটি ঘটেছে। টাগবোট, হেলিকপ্টার এবং ৫০ জনের বেশি কর্মীর সমন্বয়ে পরিচালিত উদ্ধার অভিযানের মাধ্যমে একটি জাহাজ থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়েছে।
দ্বিতীয় জাহাজে থাকা ১৪ জন ক্রূর কাছে তাৎক্ষণিক জীবনধারণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে বলে জানানো হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আটকে থাকতে হতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার মোকাবিলায় উপপ্রধানমন্ত্রী ভিতালি সাভেলিয়েভের নেতৃত্বে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে, ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ অপরাধজনিত অবহেলার অভিযোগ তদন্ত করছে।
লয়েডস লিস্টের শিপিং শিল্প বিশেষজ্ঞ মিশেল বকমান বিবিসিকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ রাশিয়ার কোম্পানি ভোলগাট্যাঙ্কারের মালিকানাধীন এবং আকারে তুলনামূলকভাবে ছোট।
কের্চ প্রণালি রাশিয়ার শস্য রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ এবং এটি অপরিশোধিত তেল, ফুয়েল অয়েল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্যও ব্যবহৃত হয়।