রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে ভারতের পণ্যের ওপর ‘উল্লেখযোগ্যভাবে’ শুল্ক বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে। রাশিয়ান অস্ত্রে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) এসব পরোয়া করে না।’
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তিনি আরও জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকেও একটি ‘অনির্দিষ্ট জরিমানার’ সম্মুখীন হতে হবে, তবে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রাখবে। যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি।
সূত্র: রয়টার্স