২ বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান, আটক ১৫

উপসাগরীয় জলসীমায় জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপকূলীয় জলসীমা থেকে এই ট্যাঙ্কার দুটি আটক করা হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কার দুটি বড় ধরনের জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তবে প্রাথমিকভাবে জব্দকৃত ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা আটককৃত নাবিকরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আইআরজিসি বৃহস্পতিবার উপসাগরে অভিযান চালিয়ে ১০ লাখ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানিসহ ট্যাঙ্কার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় ট্যাঙ্কার দুটিতে থাকা ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, এই বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

ইরানের এই অস্থির পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়ার পর এবং তেহরানের বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের সাথে এই অঞ্চলের উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদেশি ট্যাঙ্কার জব্দের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগ যোগ করেছে। সূত্র: এএফপি, রয়টার্স