হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (MARAD) প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়, মার্কিন জাহাজগুলো যেন হরমুজ প্রণালিতে চলাচলের সময় ওমানের জলসীমার কাছাকাছি অবস্থান করে। বিশেষ করে পূর্বমুখী যাত্রার সময় ইরানের জলসীমা পুরোপুরি এড়িয়ে চলাই হবে নিরাপদ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইরানি বাহিনী যদি কোনো মার্কিন বাণিজ্যিক জাহাজে ওঠার (বোর্ডিং) অনুমতি চায়, তবে তা প্রত্যাখ্যান করতে হবে। তবে পরিস্থিতির চাপে ইরানি বাহিনী যদি জোরপূর্বক জাহাজে উঠে পড়ে, সেক্ষেত্রে নাবিকদের প্রাণঘাতী বা শারীরিক প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, নাবিকদের এই নিষ্ক্রিয়তার মানে এই নয় যে তারা ইরানি বোর্ডিংয়ের প্রতি সম্মতি প্রকাশ করছেন।

গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সতর্কতা জারি করা হলো। কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বর্তমানে তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ববাজারের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। প্রতি বছর এই পথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের একটি বড় অংশ পরিবহণ করা হয়। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-মহড়া এবং হরমুজ প্রণালি বন্ধের হুমকির পর এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।