ইরানের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে যৌথভাবে বড় ধরনের সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৫টি গুরুত্বপূর্ণ শহরে একযোগে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলার প্রেক্ষাপটে পুরো দেশের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরান কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, ইরানের কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, তেহরান বিশ্ববিদ্যালয় এলাকাতেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই আগ্রাসনের বিরুদ্ধে ইরান চুপ করে থাকবে না। তেহরান বর্তমানে পাল্টা প্রতিশোধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং তাদের জবাব হবে ‘অত্যন্ত কঠোর’। ইরানের পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

হামলা শুরু হওয়ার পরপরই ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন নিরাপত্তার স্বার্থে সারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সংস্থাটির মুখপাত্র মাজিদ আখভান মেহর নিউজ এজেন্সিকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আকাশপথে সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে।’