এবার তেল আবিবে বিস্ফোরণ

তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।' পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি বিমানবাহিনী সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, 'এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানার কাজ করছে।'

তবে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়—এ কথাও স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, 'প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষা দিতে সক্ষম নয়। তাই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি।'

ক্রমবর্ধমান উত্তেজনার এই প্রেক্ষাপটে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে।

সূত্র: আলজাজিরা