যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের বেইত শেমেশ-এর একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব নিহত হন। হামলায় প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।
এই হামলায় বেসামরিকদেরও বড় ক্ষতি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: টাইমস অব ইসরায়েল