ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার পর তাঁর মৃত্যুর যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্টা।
রোববার (১ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবে আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলেছি, তিনি একদম সুস্থ এবং ভালো আছেন।’
আহমাদিনেজাদের উপদেষ্টা আরও জানান, গত শনিবার হামলার সময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার কাজে ব্যবহৃত একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই ভবনে দায়িত্বরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে আহমাদিনেজাদের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।
তবে সাবেক এই প্রেসিডেন্টের মূল বাসভবনটি আক্রান্ত ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না। আহমাদিনেজাদের বাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং তিনি কোনো আঘাত পাননি বলেও জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, ইসরায়েলি হামলায় মাহমুদ আহমাদিনেজাদ প্রাণ হারিয়েছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা এই প্রভাবশালী নেতা বিশ্বজুড়ে তাঁর কট্টর পশ্চিমা-বিরোধী অবস্থানের জন্য পরিচিত।