ইসরায়েলের নতুন দফার সামরিক অভিযানের জবাবে শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। বুধবার (৪ মার্চ) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।
হামলা শুরু হওয়ার পরপরই পুরো ইসরায়েলজুড়ে উচ্চশব্দে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে জানানো হয়েছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সবাইকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে (বোম্ব শেল্টার) যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান থেকে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং প্রজেক্টাইল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, লেবানন থেকেও ইসরায়েলে প্রজেক্টাইল বা রকেট নিক্ষেপের আশঙ্কা করছে আইডিএফ। সেখানে হিজবুল্লাহর সম্ভাব্য গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসেছে বলে জানা গেছে।