ভারত মহাসাগরে ভারতের নৌ-মহড়া থেকে নিজ দেশে ফেরার পথে ইরানের একটি যুদ্ধজাহাজকে টর্পেডো ছুড়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এতে অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ধ্বংস হওয়া জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’ (IRIS Dena)। এটি একটি মাউডজ শ্রেণির অত্যাধুনিক ফ্রিগেট। কয়েক সপ্তাহ আগে ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত বহুজাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’-এ অংশ নিয়েছিল জাহাজটি। মহড়া শেষ করে দেশে ফেরার পথেই ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে এটি সাগরে তলিয়ে যায়।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সাবমেরিন হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি আমেরিকান সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে, যারা মনে করেছিল আন্তর্জাতিক জলসীমায় তারা নিরাপদ। পেরিফেরাল ডেথ বা নীরব মৃত্যুর প্রমাণ এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের জাহাজকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল আমেরিকা।’
শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত সমুদ্র থেকে ৮৭টি মরদেহ উদ্ধার করেছেন। ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৬১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে এখনো সাগরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন জানিয়েছে, গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশটির নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। মার্কিন প্রতিরক্ষা সচিবের মতে, ইরানের নৌ-সক্ষমতা পঙ্গু করে দিতে এই হামলা বড় ভূমিকা রাখবে।