ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোম এবং ইসফাহান শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, ওই কেন্দ্র থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরান। বিমানবাহিনীর নিখুঁত নিশানায় উৎক্ষেপণ ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই জানান, কোমের পাশাপাশি ইসফাহান শহরেও সফল অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। সেখানে ইরানের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
অবিচাই আদ্রাই জানান, এই ধারাবাহিক হামলার মূল লক্ষ্য হলো ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। একই সঙ্গে ওই অঞ্চলের আকাশসীমায় ইসরায়েলি বিমানবাহিনীর একক নিয়ন্ত্রণ বা আধিপত্য আরও জোরালো করা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান এখন পর্যন্ত এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: আল-জাজিরা