আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের সামরিক নীতি কোনো প্রতিবেশী দেশকে লক্ষ্যবস্তু করা নয়, বরং তাদের লক্ষ্য সুনির্দিষ্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আজারবাইজান দাবি করেছিল, ইরান থেকে ছোড়া দুটি ড্রোন তাদের নাখচিভান অঞ্চলে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ড্রোন বিমানবন্দরের টার্মিনাল ভবনে আছড়ে পড়ে, যাতে দুজন বেসামরিক নাগরিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে আজারবাইজান সরকার তেহরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।

তবে আজারবাইজানের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আজারবাইজানকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করি না।’

ঘারিবাবাদি আরও স্পষ্ট করে বলেন, ইরানের বর্তমান নীতি হলো কেবল এ অঞ্চলে সক্রিয় শত্রু দেশগুলোর (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) সেই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো, যেখান থেকে ইরানের ওপর সরাসরি সামরিক আগ্রাসন চালানো হচ্ছে। সূত্র: আল জাজিরা।