ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের কাছে নতুন করে ১৫১ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে স্টেট ডিপার্টমেন্টের এক ঘোষণায় জানানো হয়, ইসরায়েলের কাছে এক হাজার পাউন্ড ওজনের মোট ১২ হাজার বোমা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জরুরি প্রয়োজন হওয়ায় এসব অস্ত্র কংগ্রেসের অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে।
সাধারণত বিদেশে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসে পর্যালোচনা ও অনুমোদনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। তবে এবারের সিদ্ধান্তে সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলে কংগ্রেসকে জানানো হয়েছে।
কংগ্রেসে পাঠানো নোটিশে বলা হয়েছে, ইসরায়েল এই বোমাগুলো ঠিক কোথায় ব্যবহার করবে তা উল্লেখ করা হয়নি।
ঘোষণায় আরও বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে, দেশের প্রতিরক্ষা শক্তিশালী করবে ও আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে ওয়াশিংটনের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
এই অস্ত্র বিক্রির খবর এমন সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা শুক্রবার এক দিনেই ইরানের ভেতরে চার শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন সংরক্ষণাগার অন্তর্ভুক্ত ছিল।
ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৩৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।