নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, আক্রান্ত জাহাজটির নাম ‘প্রিমা’। তবে জাহাজটি কোন দেশের মালিকানাধীন, সে বিষয়ে আইআরজিসি স্পষ্ট কিছু জানায়নি।
বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করে, ‘আমরা বারবার সতর্ক করেছি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ এবং তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু 'প্রিমা' নামের ট্যাংকারটি আমাদের সেই সতর্কবার্তা আমলে নেয়নি, যার ফলে এই হামলা চালানো হয়েছে।’
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্বজুড়ে পরিবাহিত মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে যাতায়াত করে। একে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে অভিহিত করা হয়।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।