ঈদুল ফিতরের সম্ভাবনা তারিখ জানালো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এই সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

অ্যাকাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের গণনা অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে। সে হিসেবে ১৯ মার্চ হবে রমজানের শেষ দিন এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার প্রচলিত রাতে সূর্যাস্তের আগেই পশ্চিম দিগন্তে চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন আমিরাতের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ১৯ মার্চকে রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য করা হবে।

অ্যাকাডেমি আরও জানিয়েছে, ১৯ মার্চও আরবের আকাশে চাঁদ দেখা বেশ কঠিন হবে। সাধারণ দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদের দেখা পাওয়া দুষ্কর হতে পারে। তবে অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে। অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা অপেক্ষাকৃত সহজ হতে পারে।

এই হিসাবের ভিত্তিতে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।