লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বিশেষ বাহিনীর এক ভয়াবহ স্থল ও আকাশপথের অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গত রাতে এই রক্তক্ষয়ী অভিযান চালায় ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের একটি জনপদে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের নিয়মিত সেনাবাহিনীর তিন সদস্যও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন শিশু প্রাণ হারিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লেবাননের ‘নবি চিত’ এলাকায় চালানো এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল ৪০ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের (পাইলট) দেহাবশেষ উদ্ধার করা। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, ওই পাইলটের মরদেহ এই এলাকার একটি কবরে দাফন করা হয়েছে।
শনিবার সকালে নবি চিত গ্রামের কবরস্থানে গিয়ে দেখা যায়, একটি কবর খুঁড়ে মাটি সরিয়ে বড় গর্ত তৈরি করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ইসরায়েলিদের এই অভিযান ব্যর্থ হয়েছে। এক বাসিন্দা খালি কবরটি দেখিয়ে বলেন, ‘ইসরায়েলিরা ভেবেছিল নিখোঁজ পাইলটের দেহাবশেষ এখানে আছে, কিন্তু তারা কিছুই পায়নি। তারা কেবল নিরপরাধ মানুষকে হত্যা করে গেছে।’
সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বেকা উপত্যকা। নিখোঁজ পাইলটের দেহাবশেষ উদ্ধারের নামে চালানো এই অভিযানে এত বিপুল সংখ্যক প্রাণহানি লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।