যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে বন্দি করার দাবি করেছে ইরান। তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
শনিবার (৭ মার্চ) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই চাঞ্চল্যকর দাবি করেন।
আলী লারিজানি তার পোস্টে উল্লেখ করেন, মার্কিন প্রশাসন দাবি করছে ওই সেনারা সরাসরি যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু বাস্তবে তারা ইরানের হেফাজতে বন্দি অবস্থায় আছেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সত্য খুব বেশিদিন গোপন রাখা যাবে না।’
ইরানের এই দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে জানান, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য সম্পূর্ণ অসত্য। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসকগোষ্ঠীর ‘মিথ্যাচার ও প্রতারণার’ আরও একটি উদাহরণ হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেড় শতাধিক স্কুলছাত্রীসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই ইরান ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোতে দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড