ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দিন যত যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জোরালো হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়ালো। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। এরমধ্যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। 

ইসরায়েল ও মার্কিন সরকার ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) পাঠানোর বিষয়ে আলোচনা করছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে- সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

এই মিশনটি সম্ভবত হামলার 'পরবর্তী ধাপে' বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না- ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত হলেই কমান্ডো অভিযান চালাতে পারে।

বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি (৮৮২ পাউন্ড) ইউরেনিয়ামের মজুত রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।