ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ১৩০ জন।
রোববার (৮ মার্চ) এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার ফলে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গত সোমবার থেকে লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য মূলত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর সামরিক অবকাঠামো ও ঘাঁটি।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একাধিক ঘাঁটি, অস্ত্র গুদাম ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা থেকে ইসরায়েলের ভেতরে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে দাবি করেছে তারা।
তবে পরিস্থিতি দ্রুতই পাল্টা সংঘর্ষে রূপ নিয়েছে। ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহও সীমান্তবর্তী বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এসব হামলার লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও পর্যবেক্ষণ পোস্ট।