ইরানে হামলায় ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে বিপুল বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস হয়েছে।

রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানে অন্তত ৯ হাজার ৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

রেড ক্রিসেন্টের পরিসংখ্যান অনুযায়ী, ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে ৭ হাজার ৯৪৩টি আবাসিক ইউনিট রয়েছে। এছাড়া ১ হাজার ৬১৭টি বাণিজ্যিক স্থাপনাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সংস্থাটির অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে হাজার হাজার বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রও আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়।

সূত্র: আল জাজিরা