ইরানি হামলায় দুই হাজার ইসরায়েলি হাসপাতালে

ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল–এ প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, গুরুতর অবস্থায় থাকা এসব রোগী সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হননি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টায় স্বাস্থ্য মন্ত্রণালয় এই হালনাগাদ বিবৃতি প্রকাশ করে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এখনো অব্যাহত রয়েছে। তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় বলা হয়, আসা ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

সামরিক সূত্রের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য জরুরি সতর্কতা জারি রাখা হয়েছে। ফলে চলমান সংঘাতের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।