মধ্যপ্রাচ্যে গত এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের জেরে ইসরায়েলে চালানো ইরানি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ জনে।
সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের মুহুর্মুহু হামলায় নতুন করে আরও ১৫৭ জন ইসরায়েলি আহত হয়েছেন। বর্তমানে ১১০ জনেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
মন্ত্রণালয়টি তাদের নাগরিকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সাইরেন বাজার পর 'বম্ব শেল্টার' বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই চরম আতঙ্কিত হয়ে পড়ছেন। তাড়াহুড়া করে দৌড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হচ্ছেন। তাই নাগরিকদের ধীরস্থিরভাবে ও সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এখনো অব্যাহত রয়েছে। আইডিএফ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা 'আয়রন ডোম' অধিকাংশ হুমকি প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই টানা আক্রমণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সূত্র: আনাদোলু এজেন্সি