তুরস্ক এমন একটি অনুকরণীয় দেশ যেখানে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, বিবেক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
মঙ্গলবার (১১ মার্চ) আঙ্কারায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এরদোয়ান বলেন, তুরস্কে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান 'ইসলামোফোবিয়া' বা ইসলামবিদ্বেষ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘ইসলামোফোবিয়া আমাদের জনগণ এবং সহাবস্থানের সংস্কৃতিকে সরাসরি হুমকির মুখে ফেলছে।’
প্রেসিডেন্ট এরদোয়ান আরও জোর দিয়ে বলেন, ‘ইসলামোফোবিয়া যেমন মানবতার বিরুদ্ধে একটি অপরাধ, তেমনি ইহুদি বিদ্বেষ বা 'অ্যান্টি-সেমিটিজম'ও একটি অপরাধ। এটি এমন এক মন্দ কাজ যা কোনোভাবেই যুক্তিসঙ্গত বা বৈধ হতে পারে না।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, দায়েশ বা আইএস-এর মতো অন্ধকার সংগঠনগুলোর প্রতি আঙ্কারার কোনো সহনশীলতা নেই। যারা মসজিদ, গির্জা বা সিনাগগের মতো উপাসনালয়ে নির্বিচারে বোমা হামলা চালায় এবং পবিত্র স্থানের কোনো মর্যাদা দেয় না, তাদের বিরুদ্ধে তুরস্ক সব সময় সোচ্চার থাকবে।