ইরানের নতুন সর্বোচ্চ নেতা অল্প সময়ের মধ্যেই জাতির উদ্দেশে প্রথম বার্তা দিতে যাচ্ছেন। তার নিয়োগের পর এটি হবে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক দৃশ্যপটের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
নতুন সর্বোচ্চ নেতার সরকারি টেলিগ্রাম চ্যানেলের বরাতে ফ্রান্স প্রেস–এর প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি-এর প্রথম বার্তা ‘কিছু মুহূর্তের মধ্যেই’ প্রকাশ করা হবে। তবে বার্তাটি ভিডিও হিসেবে প্রকাশ হবে নাকি লিখিত বিবৃতির আকারে-তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
চ্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, বার্তায় তিনি ‘বিপ্লবের শহীদ নেতা’ আলি খামেনি- কে স্মরণ করবেন। এছাড়া ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় নির্বাহী সংস্থাগুলোর ভূমিকা ও দায়িত্ব বিষয়ে দিকনির্দেশনা থাকবে।
বিশ্লেষকদের মতে, এই প্রথম বার্তাটি কেবল অভ্যন্তরীণ জনগণকে নয়, আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কেও লক্ষ্য করে প্রেরিত হতে পারে। বার্তায় সম্ভাব্যভাবে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর ভূমিকা এবং শত্রু রাষ্ট্র ও শক্তিগুলোর সঙ্গে মোকাবিলার যুদ্ধনীতি উল্লেখ থাকবে।
এবারের বার্তা ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো এবং সামরিক নীতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে। বিশেষ করে এমন সময় এটি প্রকাশিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সূত্র: দ্য টেলিগ্রাফ