জাতির উদ্দেশে প্রথম ভাষণে

হরমুজ প্রণালি বন্ধই থাকবে: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‍হুঁশিয়ারির পাশাপাশি দেশজুড়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ইরানের শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

মোজতবা খামেনি  বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ বাড়াতে হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটিকে অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে এগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে বিদেশি সামরিক উপস্থিতিকে কোনো অবস্থাতেই মেনে নেবে না।

নতুন সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

প্রসঙ্গত, প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে গত রোববার(৮ মার্চ)  ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ৮৮ জন ধর্মীয় পণ্ডিতের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটে তাকে সর্বসম্মতিক্রমে নির্বাচন করে। ৫৬ বছর বয়সী মোজতবা আগে কোনো সরকারি দায়িত্ব পালন করেননি, কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা জীবিত থাকা অবস্থায় তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সূত্র: আলজাজিরা