দুবাইয়ে ইন্টারসেপশনের ধ্বংসাবশেষ পড়ে ভবনের ক্ষতি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি সেন্টারে আকাশপথে একটি হামলা সফলভাবে প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে দুবাই কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ইন্টারসেপশনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনের ওপর পড়লে এর সম্মুখভাগ বা ফাসাদের সামান্য ক্ষতি হয়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত বৃহস্পতিবারও দুবাইয়ের বিভিন্ন স্থানে ড্রোন ও ইন্টারসেপশনের ধ্বংসাবশেষ পড়ার মতো কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও জরুরি নিরাপত্তা দল প্রতিটি পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সাথে মোকাবিলা করেছে। ওই ঘটনাগুলোতেও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পরিস্থিতির প্রেক্ষাপটে দুবাই প্রশাসন নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং কেবল সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।