ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘কোনো না কোনোভাবে বেঁচে আছেন’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত বা ‘আহত’ হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি সম্ভবত বেঁচে আছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। তিনি কোনো না কোনোভাবে জীবিত আছেন, জানেন তো।’
মোজতবা খামেনি তার বাবা আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। গত বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা হিসেবে তিনি প্রথমবার ভাষণ দেন এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থেকে ইরান পিছিয়ে আসবে না বলে হুঁশিয়ারি দেন। তবে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাকে সরাসরি জনসমক্ষে না আসায় তার স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা রহস্য ও গুজব ছড়িয়ে পড়ে।
একই সাক্ষাৎকারে হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল পরিবহন নিয়েও কথা বলেন ট্রাম্প। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে যে ঝুঁকি তৈরি হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এই পথ দিয়ে চলাচল করতে চায়, তাদের উচিত সাহস দেখানো।’
ট্রাম্প আরও দাবি করেন, ‘ভয়ের কিছু নেই। ইরানের কোনো নৌবাহিনী অবশিষ্ট নেই, আমরা তাদের সব জাহাজ ডুবিয়ে দিয়েছি।’