লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অব্যাহত হামলায় গত ১০ দিনে অন্তত ৬৮৭ জন প্রাণ হারিয়েছেন। গত ২ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে চালানো এই হামলায় নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভয়াবহ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ১০ দিনের হামলায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চের পর থেকে দেশটিতে প্রতিদিনই বিরতিহীনভাবে বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল।
সংঘাতের পটভূমি উল্লেখ করে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে এবং ইরানের প্রতি সংহতি জানিয়ে ২ মার্চ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর সেই হামলার পরপরই লেবাননজুড়ে পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর এই পাল্টাপাল্টি হামলায় লেবাননের সাধারণ মানুষ এবং স্বাস্থ্যসেবা খাত চরম ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি