নিরাপত্তা ঝুঁকি এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কায় ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তাদের এবং তাঁদের পরিবারকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক জরুরি আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করে।
স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওমানে সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ‘ডিপারচার অর্ডার’ (Departure Order) দেওয়া হয়েছে।
ওমান ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্যও কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটন। পুরো ওমানের জন্য বর্তমানে ‘লেভেল-৩’ (পুনর্বিবেচনা করুন) সতর্কতা জারি করা হয়েছে। তবে ওমান ও ইয়েমেনের সীমান্ত অঞ্চলের জন্য ‘লেভেল-৪’ বা সর্বোচ্চ ‘ভ্রমণ করবেন না’ (Do Not Travel) সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ ওই অঞ্চলটিকে এখন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের উত্তাপ এখন উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ওমান এতদিন নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি এখন যুদ্ধের ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানের সম্ভাব্য পদক্ষেপের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র এই আগাম সতর্কতা অবলম্বন করছে।
এর আগে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। আজকের এই নির্দেশের ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।