ইরাকের পশ্চিমাঞ্চলে সম্প্রতি এক সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই প্রাণহানি কোনো শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি।
পেন্টাগন জানায়, চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান বিধ্বস্ত হলে ভেতরে থাকা ছয় ক্রু সদস্যই নিহত হন। প্রাথমিক তদন্ত শেষে পেন্টাগন জানিয়েছে, শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিহত সেনাসদস্যরা হলেন:
- জন ক্লিনার (৩৩): আলাবামার অবার্নের বাসিন্দা (বিমান বাহিনী)।
- আরিয়ানা সাভিনো (৩১): ওয়াশিংটনের কোভিংটন (বিমান বাহিনী)।
- অ্যাশলি প্রুইট (৩৪): কেনটাকির বার্ডসটাউন (বিমান বাহিনী)।
- সেথ কোভাল (৩৮): ইন্ডিয়ানার মুরসভিল (এয়ার ন্যাশনাল গার্ড)।
- কার্টিস অ্যাংস্ট (৩০): ওহাইওর উইলমিংটন (এয়ার ন্যাশনাল গার্ড)।
- টাইলার সিমন্স (২৮): ওহাইওর কলম্বাস (এয়ার ন্যাশনাল গার্ড)।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এখনও বিস্তারিত তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) আগেই এক বিবৃতিতে জানিয়েছিল যে, সংঘাতপূর্ণ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলেও এটি সরাসরি যুদ্ধকালীন কোনো হামলার শিকার হয়নি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন সামরিক প্রশাসন।