মোজতবা খামেনি বেঁচে আছেন কি না সন্দেহ আছে: ট্রাম্প

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে গভীর রহস্য ও সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে একবারের জন্যও জনসমক্ষে দেখা না যাওয়া ইরানি নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।

শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। আমি শুনছি যে তিনি হয়তো বেঁচে নেই। আর যদি তিনি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত আর তা হলো আত্মসমর্পণ করা।’ যদিও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করে একে আপাতত ‘গুজব’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধে এই মুহূর্তে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে একটি শান্তি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বর্তমান শর্তগুলো ওয়াশিংটনের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়। তার মতে, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’ এবং তা অবশ্যই মার্কিন স্বার্থ রক্ষা করবে।

ইরানের সম্ভাব্য বিকল্প নেতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো নাম প্রকাশ করেননি। তবে তিনি রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘আমাদের কাছে এমন কিছু যোগ্য মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’ তার এই মন্তব্যটি ইরানে সরকার পরিবর্তনের (Regime Change) মার্কিন উচ্চাকাঙ্ক্ষাকেই পুনরায় সামনে নিয়ে এল।

সূত্র: সিএনএন ও এনবিসি নিউজ।