সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বেসামরিক গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকালে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, শহরের ‘আল বাহিয়া’ এলাকায় একটি চলন্ত গাড়ির ওপর ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। নিহত ব্যক্তি একজন ফিলিস্তিনি নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে সকালেই আবুধাবি পুলিশ একটি ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবিলা করছে বলে জানিয়েছিল। সেই সময় নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়।
তবে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষ গাড়ির ওপর পড়েছে কি না, নাকি এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে—সে বিষয়টি এখনো বিস্তারিত জানায়নি আবুধাবি কর্তৃপক্ষ। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে আরব আমিরাতের রাজধানীর জনবহুল এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।