পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে আরব লিগ। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, পবিত্র এই মসজিদে মুসলিমদের ইবাদত ও নামাজ আদায় বন্ধ করার কোনো বৈধ অধিকার ইসরায়েলের নেই।
রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে আরব লিগ জানায়, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
আরব লিগ বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে প্রার্থনার স্বাধীনতা নিশ্চিত করতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা এখন সময়ের দাবি। ধর্মীয় অধিকার হরণ করে ইসরায়েল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদেও অত্যন্ত সীমিত সংখ্যক মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। যুদ্ধের অজুহাতে ধর্মীয় স্থাপনায় এই কড়াকড়ি নিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি