মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন শেষ: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কোনো বহিরাগত শক্তি চাপিয়ে দিতে পারবে না। এই অঞ্চলের শান্তি ফেরাতে মার্কিন বাহিনীকে অবশ্যই মধ্যপ্রাচ্য ত্যাগ করতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কোনো নিরাপত্তা আনেনি, বরং আঞ্চলিক দেশগুলোকেই নিজেদের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে।

কলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, "মধ্যপ্রাচ্যের চেহারা এবং শৃঙ্খলা পরিবর্তিত হবে, তবে তা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী নয়। আমরা এই অঞ্চলের মুসলিম দেশগুলো অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় ক্ষেত্রেই একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলব। এই অঞ্চলে শান্তি ফেরাতে মার্কিন বাহিনীকে অবশ্যই মধ্যপ্রাচ্য ত্যাগ করতে হবে।"

একদিকে যখন দক্ষিণ লেবাননের বিনত জবেইলে ইসরায়েলি বিমান হামলা চলছে এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন দূতাবাসে ড্রোন নজরদারি করছে, তখন কলিবাফের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এর ফলে সৃষ্ট অস্থিরতার মধ্যে ইরান এখন মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের দিকে ইঙ্গিত দিচ্ছে।

একই দিনে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিও মুসলিম দেশগুলোকে দেওয়া এক খোলা চিঠিতে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ নেতাদের এসব বক্তব্য থেকে স্পষ্ট যে, তারা এই যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা সামরিক প্রভাব পুরোপুরি মুছে ফেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে।