মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে উন্নত চিকিৎসার জন্য মস্কো পাঠানো হয়েছে বলে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম 'আল-জারিদা' এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে মোজতাবা খামেনির সঙ্গে কথা বলেন। সেই কথোপকথনের পর ওই দিনই একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কো নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি এ ধরনের সংবেদনশীল প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রথম দিনেই এক ভয়াবহ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই একই হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতাবা খামেনির স্ত্রীও প্রাণ হারান। মোজতাবা খামেনি নিজে সেই হামলায় আহত হন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো মোজতাবার আঘাত গুরুতর বলে দাবি করলেও একাধিক ইরানি সূত্র জানিয়েছে, তার পায়ে আঘাত লেগেছে যা প্রাণঘাতী নয়। বর্তমানে তিনি মস্কোতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উল্লেখ্য, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।
সূত্র: এএফপি