বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় নিহত ৬

লেবাননের রাজধানী বৈরুতের একদম প্রাণকেন্দ্র বাশৌরা (Bashoura) এলাকায় কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

বুধবার (১৮ মার্চ) ভোরে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) জানিয়েছে, জনবহুল এই এলাকায় হামলার পরপরই চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার দিনভর রাজধানী বৈরুতসহ দক্ষিণ ও পূর্ব লেবাননে চালানো ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৪ জন। বৈরুতের একটি ১৫ তলা ভবন সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই ভবনের নিচের তলাগুলোতে হিজবুল্লাহ তাদের নগদ অর্থ ও সম্পদ মজুত করে রেখেছিল।

আল জাজিরার সংবাদদাতা জিনা খোদর ঘটনাস্থল থেকে জানিয়েছেন, এক সপ্তাহ আগে ওই ভবনের নিচের তলাগুলোতে হামলা চালানো হলেও বুধবার ভোরে পুরো কাঠামোটি ধ্বংস করে দেওয়া হয়। এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযান আরও জোরদার হয়েছে এবং সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি সংঘর্ষ চলছে। লেবানন সরকার এই নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।