ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-নিরাপত্তা জোরদার করতে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১৭ মার্চ) আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এই সম্ভাবনার কথা জানান।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ আয়োজিত এক অনলাইন আলোচনায় আনোয়ার গারগাশ বলেন, ‘বিশ্ববাজারে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখা সবার দায়িত্ব। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করছি।’
তিনি জানান যে, এই অভিযানে আমিরাতের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে ওয়াশিংটনের সঙ্গে এ নিয়ে নিবিড় আলোচনা চলছে।
আনোয়ার গারগাশ আরও উল্লেখ করেন যে, বর্তমান সংঘাত শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো প্রয়োজন। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে ইরান তার পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রযুক্তির মাধ্যমে এই অঞ্চলে আর কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে কথা বলেছেন। ফরাসি প্রেসিডেন্টের ইতিবাচক সাড়াকে ট্রাম্প ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।
ট্রাম্প বর্তমানে বিভিন্ন মিত্র দেশকে তাদের যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে হরমুজ প্রণালিতে একটি শক্তিশালী আন্তর্জাতিক নৌ-বহর গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন, যাতে ইরানের অবরোধ মোকাবিলা করা সম্ভব হয়। সূত্র: রয়টার্স