আরব আমিরাতে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ

সাধারণত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে রুপালি রেখার মতো চাঁদ দেখার রেওয়াজ থাকলেও এবার সংযুক্ত আরব আমিরাতে এক বিরল ঘটনা ঘটেছে। পবিত্র রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ বুধবার (১৮ মার্চ) দুপুরেই ক্যামেরায় শনাক্ত করা হয়েছে। আবুধাবিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবুধাবির ‘খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি’ থেকে স্থানীয় সময় দুপুর ১টায় শাওয়াল মাসের চাঁদের ছবি তোলা সম্ভব হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।

জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, যখন চাঁদের ছবিটি তোলা হয় তখন সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি। পর্যবেক্ষক দলে ছিলেন আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি। এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা।

বিশেষজ্ঞরা বলছেন, দিনের আলোতে বিশেষ প্রযুক্তির ক্যামেরা ও টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ শনাক্ত করা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন। এই পর্যবেক্ষণ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণে সহায়ক হবে। তবে রমজান শেষ করে কবে ঈদ উদযাপিত হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া তাদের দেশে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আরবে দুপুরের এই চাঁদ দেখার ঘটনাটি এখন মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।