সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

বুধবার (১৮ মার্চ) রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে ঈদুল ফিতর।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে তুরস্ক ঘোষণা করেছে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক এবং অন্যান্য অঞ্চল থেকে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখার সম্ভাবনার জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করে, তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। কারণ জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।