ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পাঠানো এক বিশেষ বার্তায় পুতিন লারিজানিকে রাশিয়ার এক ‘প্রকৃত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB) এবং রাশিয়ার বার্তা সংস্থা তাস পুতিনের এই শোকবার্তার তথ্য নিশ্চিত করেছে।
মোজতবা খামেনিকে পাঠানো বার্তায় পুতিন বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির মৃত্যুতে আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। তিনি রাশিয়ার একজন অকৃত্রিম বন্ধু ছিলেন।’ পুতিন আরও উল্লেখ করেন যে, মস্কো ও তেহরানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে লারিজানির অনবদ্য অবদান রয়েছে এবং তিনি রাশিয়ার মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। বার্তায় লারিজানির পরিবার ও বন্ধুদের প্রতিও সমর্থন জানান রুশ প্রেসিডেন্ট।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে এক সংবাদ ব্রিফিংয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়া একটি সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে হত্যার এই ধরণের পদক্ষেপের কঠোর বিরোধিতা করে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গত সোমবার রাতে তেহরানের কাছে ইসরায়েলি বাহিনীর এক ‘নির্ভুল বিমান হামলায়’ আলী লারিজানি নিহত হন বলে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করে। ওই হামলায় লারিজানির ছেলে, তার প্রধান সহকারী রেজা বায়াত এবং বেশ কয়েকজন সফরসঙ্গীও প্রাণ হারান।
বিশ্লেষকদের মতে, লারিজানির মৃত্যু ইরান-রাশিয়া সামরিক ও কৌশলগত সম্পর্কে বড় ধরণের প্রভাব ফেলতে পারে, কারণ তিনি ছিলেন দুই দেশের মধ্যকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।